
বরিশালে সেচ্ছাসেবক নেতা বহিস্কার
রাতের আঁধারে সরকারি গাছ কাটার অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে থাকা বরিশালের গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম রোকনকে অবশেষে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম খান বাপ্পি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়—দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে রোকনের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ বাতিল করা হয়েছে। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নিজামুর রহমান নিজাম বলেন, “দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতেই রোকনের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এর আগে গত ৭ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার টরকী বন্দরের ছাগলহাট সংলগ্ন এলাকায় সরকারি সড়কের পাশে সাতটি গাছ শ্রমিক দিয়ে কাটেন রোকন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গাছগুলো জব্দ করে। এতে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।
পরবর্তীতে ১১ সেপ্টেম্বর জেলা স্বেচ্ছাসেবক দল রোকনকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে লিখিত জবাব ও সরাসরি হাজির হওয়ার নির্দেশ দেয়। কিন্তু তার জবাব অসন্তোষজনক হওয়ায় এবং তদন্ত চলাকালীন অবস্থায় সমর্থকদের দিয়ে ক্ষমতা প্রদর্শনমূলক বিক্ষোভ মিছিল বের করায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রোকনের সমর্থকরা টরকী বাসস্ট্যান্ড ও বন্দর এলাকায় প্রকাশ্যে মিছিল করে তাকে “ষড়যন্ত্রের শিকার” দাবি করে। প্রত্যক্ষদর্শীদের মতে, ওই মিছিলে স্থানীয় কুখ্যাত মাদক ব্যবসায়ীদেরও অগ্রভাগে দেখা যায়, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। স্থানীয়রা একে প্রশাসনকে বিভ্রান্ত করার কৌশল এবং তদন্তকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হিসেবে দেখছেন।




