অপরাধ ও দুর্ণীতিসারাদেশ

ঢাকা–বরিশাল মহাসড়কে পিকআপ ডাকাতি: ১৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার গাড়ি

 

কালের ধারা মাদারীপুরঃ
মাদারীপুরের রাজৈর উপজেলায় ঢাকা–বরিশাল মহাসড়কে সংঘটিত ডাকাতি ঘটনায় পুলিশের বিশেষ অভিযানে ডাকাত দলের ১৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ডাকাতি হওয়া একটি তরমুজ ভর্তি পিকআপও উদ্ধার করা হয়। বুধবার (১ অক্টোবর) দুপুরে রাজৈর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) সালাহ উদ্দিন কাদের

গত ২৩ সেপ্টেম্বর রাত ২টার দিকে খুলনার তেরখাদা থেকে মাদারীপুরের মস্তফাপুর ফল আড়তে যাওয়ার পথে একটি পিকআপ রাজৈরের আমগ্রাম ব্রিজ এলাকায় পৌঁছালে, মহাসড়ক অবরোধ করে ডাকাতদল। তারা চালক ও হেলপারকে মারধর করে তরমুজ ভর্তি গাড়িটি নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি রাজৈর থানায় ডাকাতি মামলা হিসেবে নথিভুক্ত হয়।

পরের দিন (২৪ সেপ্টেম্বর) পুলিশ প্রথমে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভাঙ্গা, সদরপুর, নগরকান্দা, কেরানীগঞ্জ, কিশোরগঞ্জ ও গাজীপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ধাপে ধাপে আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—
ফরিদপুরের শাহ আলম শেখ (৪০), কবির চোকদার (৪৫), জাকির খাঁ (৫০), ইকরাম আলী মুন্সী (৩৫), হৃদয় বয়াতি (২৩), সুমন হোসেন মাতুব্বর (২৬), ঢাকার আল আমিন (৪৫), হাবিব (২৫), ইকবাল হোসেন (৩৬), মাদারীপুরের সুজন মাতুব্বর (২৭), কিশোরগঞ্জের সোহাগ ওরফে নোবেল (২৬), ডালিম সরকার (৩০) ও স্বপন (২৫)

গ্রেপ্তার ডাকাতদের দেওয়া তথ্যে গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে ডাকাতি হওয়া পিকআপটি উদ্ধার করা হয়। জানা গেছে, ডাকাতরা লুট করা তরমুজ ঢাকার যাত্রাবাড়ীতে বিক্রি করে দেয় এবং পরবর্তীতে পিকআপটি লুকিয়ে রাখে।

উদ্ধার হওয়া গাড়িটির মালিক খুলনার রূপসা উপজেলার ফল ব্যবসায়ী সরদার জাহাঙ্গীর আলম (৬২) বলেন,

> “আমার ডাকাতি হওয়া গাড়িটি পুলিশ অনেক কষ্ট করে উদ্ধার করেছে। একই সঙ্গে ডাকাত দলও ধরা পড়েছে। আমি রাজৈর থানার পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি এদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।”

সহকারী পুলিশ সুপার সালাহ উদ্দিন কাদের বলেন,

> “আমরা ধারাবাহিক অভিযানের মাধ্যমে মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছি। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতি হওয়া পিকআপও উদ্ধার করা হয়েছে। এরা মূলত মহাসড়কে ঘুরে ঘুরে ডাকাতি করতো। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

Back to top button