
দূর্যোগ প্রশমন দিবস -২৫ বর্ণাঢ্য র্যালি
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে গৌরনদীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠি
কালের ধারা নিউজ ডেস্কঃ
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) গৌরনদী উপজেলা পরিষদ ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সুসজ্জিত র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইব্রাহিম।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সদস্য সচিব জহীর সাজ্জাত হান্নান, গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন, বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।
প্রধান অতিথি ইউএনও মোঃ ইব্রাহিম তাঁর বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি দিন দিন বাড়ছে। জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবেলায় কার্যকর প্রস্তুতি গ্রহণের বিকল্প নেই। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সমন্বিত উদ্যোগে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।”
তিনি আরও বলেন, দুর্যোগ পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে মানবিক ও প্রযুক্তিনির্ভর পদক্ষেপ গ্রহণের প্রতি গুরুত্ব দিতে হবে।
বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা সংস্থার কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।
গৌরনদীতে আয়োজিত এই কর্মসূচি অংশগ্রহণকারীদের মাঝে দুর্যোগ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।




