
পান চাষিদের ন্যায্য দাবিতে বরিশালে মানববন্ধন
বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল নগরীতে পান চাষিদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেছে বরিশাল জেলা পানচাষি সমিতি। সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে নগরীর সদর রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক পানচাষি অংশ নেন। এসময় বক্তারা বলেন, “পান বাংলাদেশের ঐতিহ্যবাহী কৃষি পণ্য হলেও বর্তমানে চাষাবাদে নানা সংকটে পড়েছেন কৃষকরা। উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি ন্যায্যমূল্য না পাওয়ায় অনেকেই পান চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।”
বক্তারা আরও বলেন, সরকারের তত্ত্বাবধানে পানচাষকে আধুনিক কৃষির আওতায় আনতে হবে এবং কৃষি ঋণসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে হবে।
পানচাষিদের পক্ষ থেকে কয়েকটি মূল দাবি উত্থাপন করা হয়—
🔹 পানচাষিকে কৃষি ঋণের আওতায় আনা
🔹 পান পরিবহনে পথে পথে হয়রানি বন্ধ
🔹 সরকারি উদ্যোগে কোল্ড স্টোরেজ স্থাপন
🔹 প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষিদের পুনর্বাসন তহবিল গঠন
মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ের কাছে স্মারকলিপি প্রদান করে।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা পানচাষি সমিতির সভাপতি মো. হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।




