
গৌরনদীতে জনতার হাতে ছিনতাইকারী আটক
- সৈয়দ নকিবুল হক, গৌরনদী (বরিশাল):
বরিশালের গৌরনদীতে ব্যাংক গ্রাহকের টাকা ছিনতাই করে পালানোর সময় জনতার হাতে দুই ছিনতাইকারী আটক হয়েছে। বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার মেদাকুল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের গণপিটুনির পর পুলিশ এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন— মাদারীপুর জেলার শিবচর উপজেলার চর কামারকান্দি গ্রামের চান মিয়া ভূঁইয়ার ছেলে আবু জাফর এবং মাদারীপুর সদর উপজেলার হাজির হাওলা গ্রামের বাসিন্দা সামাদ খান।
ভুক্তভোগী ব্যাংক গ্রাহক জাহানারা বেগম জানান, দুপুরে মেদাকুল বাজারের সোনালী ব্যাংক থেকে দুই লাখ টাকা উত্তোলনের পর এক লাখ টাকা স্বামীর হাতে দিয়ে বাকি এক লাখ টাকা গণনা করছিলেন। এসময় হঠাৎ এক ব্যক্তি তার হাত থেকে টাকা ছিনিয়ে দৌড়ে পালাতে শুরু করে। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার দিলে ব্যাংকের নিরাপত্তাকর্মী ও স্থানীয় ব্যবসায়ীরা ধাওয়া করে তাকে আটক করেন। পরে ওই ছিনতাইকারীর সহযোগীকেও ধরা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, জনতা দুই ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে আটক করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
স্থানীয়দের দ্রুত পদক্ষেপে বড় ধরনের আর্থিক ক্ষতি ও অপরাধ ঠেকানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।




