
গৌরনদী-আগৈলঝাড়ার সর্বস্তরের মানুষের আস্থার প্রতিক এম জহির উদ্দিন স্বপন
গৌরনদী (বরিশাল):
গৌরনদী-আগৈলঝাড়ার সর্বস্তরের মানুষের আস্থা ও প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মিডিয়া সেলের আহবায়ক এম জহির উদ্দিন স্বপন। রাজনৈতিক সততা, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ত নেতৃত্বের কারণে তিনি আজ সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
বরিশাল জেলার গৌরনদী উপজেলার শরিকল গ্রামের সন্তান এম জহির উদ্দিন স্বপন ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনীতির পাশাপাশি তিনি বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতির দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি বিএনপির মিডিয়া সেলের আহবায়ক, কমিউনিকেশন সেলের প্রধান সম্পাদক এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন (বিএনআরসি)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত ১৭ বছর আওয়ামী শাসনামলে নানা প্রতিকূলতার মধ্যেও কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে দলের সাংগঠনিক শক্তি অটুট রাখতে নিরলসভাবে কাজ করেছেন তিনি। তাঁর নেতৃত্বে বরিশাল-১ আসনের তৃণমূল বিএনপি কর্মীরা আজ আরও ঐক্যবদ্ধ ও সংগঠিত।
ঐতিহাসিক ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর ফ্যাসিবাদবিরোধী চেতনায় উদ্দীপ্ত এম জহির উদ্দিন স্বপন বলেন, “স্বাধীন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো ঠাঁই হবে না। আন্দোলনে হামলা চালিয়ে যারা নিরীহ মানুষকে হত্যা করেছে, তাদের ছাড় দেওয়া হবে না। হত্যাকারী ও তাদের মদদদাতাদের আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও বলেন, “এখন জাতির মুক্তির একমাত্র পথ হলো পলাতক শেখ হাসিনা ও সব খুনিদের বিচারের আওতায় আনা এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা।”
এম জহির উদ্দিন স্বপন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন, যাতে দেশের প্রতিটি নাগরিক সেই সংস্কারের সুফল ভোগ করতে পারে।
গৌরনদী ও আগৈলঝাড়ার সাধারণ মানুষের মতে, এম জহির উদ্দিন স্বপনই হলেন তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন—একজন নিবেদিত, সাহসী ও জনবান্ধব নেতা, যিনি এলাকার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছেন।




