
গৌরনদীতে ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনের পক্ষে গণজোয়ার
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে কেন্দ্র করে নির্বাচনী মাঠে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এলাকায় বাড়ছে ভোটের আমেজ, সক্রিয় হয়ে উঠছেন দলীয় প্রার্থী ও সমর্থকরা।
প্রার্থী ঘোষণার পর থেকেই গৌরনদী উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নির্বাচনী মাঠে নেমে পড়েছেন। প্রার্থীর নির্বাচন পরিচালনায় দলীয় নেতাদের সমন্বয়ে কেন্দ্রীয় কমিটি ও উপকমিটি গঠন করা হয়েছে, যা জহির উদ্দিন স্বপনের অফিসিয়াল ফেসবুক পেজে মিডিয়া রিলিজ হিসেবে প্রকাশ করা হয়।
কমিটি গঠনের পর থেকেই পৌরসভা ও উপজেলার বিভিন্ন ওয়ার্ডে জহির উদ্দিন স্বপনের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এসব বৈঠকে স্থানীয় পর্যায়ে নির্বাচন পরিচালনা কমিটি ও কেন্দ্রভিত্তিক কমিটি গঠন করা হচ্ছে।
গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সফিকুর রহমান শরীফ স্বপন বলেন,
“আমাদের প্রার্থীকে বিজয়ী করতে পৌরসভার ৯টি ওয়ার্ডেই উঠান বৈঠক শেষ করেছি। প্রতিটি ওয়ার্ডে নির্বাচন পরিচালনা ও কেন্দ্র কমিটি করা হয়েছে। পৌরবাসী ধানের শীষে ভোট দিতে উদগ্র অপেক্ষায় আছে।”
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু বলেন,
“উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক করে ওয়ার্ড পর্যায়ে নির্বাচন ও ভোট কেন্দ্র কমিটি গঠন করেছি। এসব বৈঠকে নেতাকর্মী থেকে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ স্বপন ভাইয়ের পক্ষে এক বিশাল গণজোয়ার সৃষ্টি করেছে।”
তিনি আরও বলেন,
“আমরা ভোটারদের ঘরে ঘরে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা লিফলেট পৌঁছে দিচ্ছি। পাশাপাশি ধানের শীষ প্রতীকের প্রার্থীকে ভোট দিতে ভোটারদের উদ্বুদ্ধ করছি। ইনশাআল্লাহ, আমরা স্বপন ভাইকে বিপুল ভোটে বিজয়ী করে ঘরে ফিরব।”




