
বাবুগঞ্জ ডিগ্রি কলেজের দরিদ্র মেধাবীরা পাবে শিক্ষাবৃত্তিঃ আবুল কালাম আজাদ
স্বনামধন্য প্রতিষ্ঠান এভারগ্রীণ ট্রেডিং ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাবুগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী এবং সমাজসেবক আবুল কালাম আজাদ বলেছেন, ‘বাবুগঞ্জ ডিগ্রি কলেজের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেওয়া হবে। এই শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থীর লেখাপড়া অর্থের অভাবে বন্ধ হবে না। ফরম ফিলাপের টাকা দিতে না পারলে কোনো শিক্ষার্থীর পরীক্ষা বন্ধ হবে না। দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে যেতে যথাসম্ভব সহযোগিতা করা হবে। বিনিময়ে আমাকে ভালো ফলাফল উপহার দিতে হবে। এই প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই আমার পরিবারের লক্ষ্য। সোমবার (১৫ সেপ্টেম্বর) বাবুগঞ্জ ডিগ্রী কলেজের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

এসময় আবুল কালাম আজাদ আরো বলেন, ‘শিক্ষার্থীদের লক্ষ্য যেন শুধু সার্টিফিকেট অর্জন আর চাকরিপ্রাপ্তির মধ্যেই সীমাবদ্ধ না থাকে। সবার আগে মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন ভালো মানুষ হওয়া জরুরি। যে শিক্ষার মধ্যে নৈতিকতা এবং দেশপ্রেম না থাকে সেই শিক্ষাকে কিছুতেই সুশিক্ষা বলা যায় না।’ নৈতিক শিক্ষায় সুশিক্ষিত একজন মানুষ শিক্ষিত হাজারো মানুষের চেয়ে শ্রেষ্ঠ।’ বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ.ন.ম আব্দুল হালিমের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত ওই ওরিয়েন্টেশন ক্লাসে বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মেহেরুন্নেছা শিরিন।

সহকারী অধ্যাপক এজাজ হাসান ও শাহ আলম জহিরের সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ও অবসরপ্রাপ্ত বিমানবাহিনী কর্মকর্তা সমাজসেবক এস.এম সফিউল্লাহ, বিদ্যোৎসাহী সদস্য ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান শামীম, অ্যাডভোকেট জিয়াউল হক সুমন, কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শাহে আলম, হিতৈষী সদস্য ও চাঁদপাশা ইউপির সাবেক চেয়ারম্যান সামছুল আলম ফকির, অভিভাবক সদস্য ও বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল হক, দাতা সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আরিফুর রহমান শিমুল সিকদার, অভিভাবক সদস্য ও বিএনপি নেতা হারুন-অর-রশিদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আতিকুর রহমান আল-আমিন প্রমুখ।

বাবুগঞ্জ ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া ৩ বিভাগের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ওই ওরিয়েন্টেশন ক্লাসে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। এসময় নবাগত শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস এবং উদ্দীপনা লক্ষ্য করা যায়। ওই ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বাবুগঞ্জ ডিগ্রি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১২ জন কৃতি শিক্ষার্থীকে শুভেচ্ছা উপহার হিসেবে বিনামূল্যে একাদশ শ্রেণির একসেট বইসহ শিক্ষা উপকরণ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষানুরাগী ও শিল্পপতি আবুল কালাম আজাদ এবং তার সহধর্মিণী গভর্নিং বডির সভাপতি মেহেরুন্নেছা শিরিনসহ কলেজের গভর্নিং বডির সদস্যরা। #





