জাতীয়

পটুয়াখালীর আলোচিত লামিয়া ধর্ষণ মামলায় তিন আসামির কারাদণ্ড

স্টাফ রিপোর্টার ॥ পটুয়াখালী ॥ 

পটুয়াখালীর দুমকি উপজেলার আলোচিত শহীদ কন্যা লামিয়া ধর্ষণ মামলায় তিন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২২ অক্টোবর) সকালে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিলুফার শিরিন এ রায় ঘোষণা করেন।

রায়ে সাকিব মুন্সী ও সিফাত মুন্সিকে ১৩ বছর এবং ইমরানকে ১০ বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা ঘটনার সময় অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আদালত আইনের আওতায় তাদের সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৮ মার্চ সন্ধ্যায় দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে শহীদ জসিম উদ্দিনের কন্যা লামিয়া (১৮) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে তিনি নিজেই বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

ধর্ষণের ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়ে লামিয়া ঢাকায় চলে যান এবং ২৬ এপ্রিল রাজধানীর শেখেরটেক এলাকায় ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। দীর্ঘ তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ এই রায় ঘোষণা করা হয়।

রায় ঘোষণার পর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান বলেন, “আমরা মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। আদালত ন্যায়বিচার দিয়েছেন।”

অন্যদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আইনজীবী অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বলেন, “এই রায় একটি শক্ত বার্তা দেবে—যে কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে, সে যত প্রভাবশালীই হোক না কেন।”

আলোচিত এই মামলার রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সাধারণ মানুষ ও মানবাধিকারকর্মীরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় সন্তোষ প্রকাশ করেন।

Back to top button