
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে: জ.উ স্বপন
কালেরধারা অনলাইন নিউজ ডেস্কঃ প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
বর্তমানে কাতার সফররত জহির উদ্দিন স্বপনকে সংবর্ধনা জানাতে কাতার প্রবাসী গৌরনদী-আগৈলঝাড়া উপজেলার প্রবাসীদের উদ্যোগে এক মতবিনিময় সভার
আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন কাতার প্রবাসী গৌরনদী-আগৈলঝাড়া জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সভাপতি ও সাবেক ছাত্রনেতা, বর্তমানে কাতার যুবদল নেতা মামুন মৃধা, সাবেক যুবদল নেতা সাইদুল সরদার সহ বিএনপি যুবদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন,
“আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন কাজ করছে। এরই অংশ হিসেবে একটি অ্যাপ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে প্রবাসীরা রেজিস্ট্রেশনের মাধ্যমে ভোটের প্রস্তুতি নিতে পারবেন।”

তিনি আরও বলেন,
দেশনায়ক তারেক রহমান প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর নির্দেশনায় দলীয়ভাবে এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
মতবিনিময় সভায় কাতারে বসবাসরত গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন পেশার প্রবাসীরা অংশগ্রহণ করেন। তারা প্রিয় নেতার সঙ্গে প্রবাসীদের সমস্যা, ভোটাধিকার, রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে খোলামেলা আলোচনা করেন।




