
মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলা, আহত ১০ – আটক ২৭
ভোলা প্রতিনিধি:
ভোলা ও বরিশালের সীমান্তবর্তী মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে পরিচালিত অভিযানে হামলা চালিয়েছে একদল জেলে। এতে মৎস্য কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি), এসিল্যান্ড, কোস্টগার্ড সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনকে গুরুতর অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকেল ৫টার দিকে ভোলার চরসীমানা এলাকায় এ ঘটনা ঘটে।
মৎস্য বিভাগ জানায়, মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে কোস্টগার্ড ও পুলিশের সহায়তায় নদীতে অভিযানে নামেন মৎস্য কর্মকর্তারা। তারা বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলায় অভিযান শেষ করে ভোলার চরসীমানা এলাকায় পৌঁছালে অতর্কিতভাবে জেলেরা ইট ও লাঠি নিয়ে হামলা চালায়। এতে স্পিডবোট চালক জহিরুল, এনডিসি তানজিবুল ইসলাম, মৎস্য প্রকল্প কর্মকর্তা নাছির উদ্দিন, ভোলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদী হাসানসহ অন্তত ১০ জন আহত হন।
অভিযান চলাকালে ২৭ জন জেলেকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ ঘটনায় ভোলা ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহ বলেন, “অভিযান পরিচালনাকারীদের ওপর হামলার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যে হিজলা ও মেহেন্দিগঞ্জ মৎস্য কর্মকর্তারা আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন।”
উল্লেখ্য, চলমান মা ইলিশ রক্ষা কর্মসূচির আওতায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশের প্রধান নদ-নদীতে ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।




