
বরিশালে মহিলা দলের সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন:
বরিশাল প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বরিশালে শুরু হয়েছে সদস্য নবায়ন কর্মসূচি। বরিশাল জেলার প্রতিটি উপজেলা ইউনিয়ন ওয়ার্ড এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। উত্তর জেলা মহিলা দলের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন উত্তর জেলা মহিলা দলের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট ফিরোজা বেগম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফিরোজা বেগম বলেন, “মহিলা দলের প্রতিটি নেত্রী ও কর্মী হচ্ছেন গণতান্ত্রিক আন্দোলনের অগ্রদূত। সংগঠনের সদস্য নবায়ন কেবল একটি আনুষ্ঠানিকতা নয়—এটি আমাদের সংগঠনকে তৃণমূল পর্যন্ত পুনর্গঠনের একটি নতুন সূচনা। জনগণের অধিকার ও ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপি ও তার অঙ্গসংগঠনের প্রতিটি নেতাকর্মীকে আরও ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি আরও বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মহিলা দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী সমাজকে জাগিয়ে তুলেই আমরা গণতন্ত্রের প্রভাত দেখব। এই সদস্য নবায়ন কার্যক্রমের মাধ্যমে প্রত্যেক নেত্রী ও কর্মী আবারও সংগঠনের পতাকার নিচে একত্রিত হচ্ছেন, যা বিএনপির আন্দোলনকে আরও বেগবান করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, এবং তৃণমূল নেত্রীবৃন্দ। তারা বলেন, এই সদস্য নবায়ন কর্মসূচির মাধ্যমে পুরনো সদস্যদের পাশাপাশি নতুন প্রজন্মের নারীরাও সংগঠনে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন, যা সংগঠনকে আরও প্রাণবন্ত করে তুলবে।
অনুষ্ঠানের একপর্যায়ে নবায়ন ফরম বিতরণ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়। আগামী সপ্তাহ থেকেই বরিশালের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে ধারাবাহিকভাবে সদস্য নবায়ন কার্যক্রম শুরু হবে বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠানের শেষে দেশের সকল নিপীড়িত নারী ও বন্দি নেতাকর্মীদের মুক্তি কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।এই সদস্য নবায়ন কর্মসূচি বরিশালসহ সারাদেশে মহিলা দলের সাংগঠনিক জাগরণের নতুন অধ্যায় সূচনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।




