জাতীয়

রাজধানীতে মেট্রোরেলের স্প্রিং ছিটকে পড়ে এক পথচারীর মৃত্যু

রাজধানীতে মেট্রোরেল চলাচলের কাঠামোতে ব্যবহৃত কম্পনরোধী স্প্রিং (বিয়ারিং প্যাড) ছিটকে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের কাছে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতর বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত জানা গেছে, দুপুর সোয়া ১২টার দিকে ভারী আকারের ওই স্প্রিংটি ওপর থেকে ছিটকে পড়ে। সে সময় ফুটপাত ধরে ব্যাগ কাঁধে করে হেঁটে যাচ্ছিলেন তরুণটি। স্প্রিংটি সরাসরি তার মাথায় আঘাত করে পাশের একটি চাপ-সিঙ্গারা দোকানের শোকেসে গিয়ে লাগে। এতে দোকানের কাঁচ ভেঙে দুজন আহত হন। আর মাথায় আঘাত পাওয়া ওই পথচারী ঘটনাস্থলেই মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছিটকে পড়া স্প্রিংটির ওজন আনুমানিক ৪০ থেকে ৫০ কেজি।

Back to top button