চট্টগ্রাম বিভাগ

তেকোটা সদ্ধর্ম বিকাশ বিহারে দুই দিনব্যাপী দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে:

চট্টগ্রামের পটিয়া উপজেলার তেকোটা সদ্ধর্ম বিকাশ বিহার প্রাঙ্গণে দুই দিনব্যাপী দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে। “এসো বুনি বর্তমান, গড়ে তুলি ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যে আয়োজন করা হয় এ বছরের চীবর দানোৎসব।

২৫ অক্টোবর বিকেলে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। তিনি বলেন, “মহামানব বুদ্ধ বলেছেন, আত্মদীপ ভব— নিজের ভেতর আলোর প্রদীপ জ্বালিয়ে নিজেকে বিকশিত করাই জীবনের প্রকৃত সাধনা। আমাদের জীবনে অহিংসা, প্রেম, মানবতা ও মৈত্রী চর্চাই হতে হবে আলোর পথ। কুশল কর্ম ও প্রজ্ঞার মাধ্যমে নিজেদের দীপ্ত করতে হবে, যেন এই আলোর শিখা ছড়িয়ে পড়ে সারাবিশ্বে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈষ্টপুরা শাক্যমুনি বিহারের অধ্যক্ষ ভদন্ত জিনানন্দ মহাস্থবির। প্রধান ধর্মদেশক ছিলেন বান্দরবানের স্বর্ণজাদির ভদন্ত উ পাঞঞা তিলক মহাথের, দেশক ছিলেন ভদন্ত শুভানন্দ মহাথেরো, উদ্বোধনী ভাষণ দেন তেকোটা সদ্ধর্ম বিকাশ বিহারের অধ্যক্ষ ভদন্ত শরণ সেন মহাথেরো।

বিহার পরিচালনা পরিষদের সভাপতি বিকাশ বড়ুয়া স্বাগত বক্তব্য রাখেন এবং সম্পাদকীয় বক্তব্য দেন সাধারণ সম্পাদক কামনাশীষ বড়ুয়া। বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সুবীর বড়ুয়া, সহ-সভাপতি শুভাশিস বড়ুয়া, সরিৎ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা দেবপ্রিয় বড়ুয়া ঝুলন ও অধ্যাপক অরূপ বড়ুয়া। ধর্মীয় প্রার্থনা পরিচালনা করেন সত্যপ্রিয় বড়ুয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন যুগ্ম সাধারণ সম্পাদক প্রণব বড়ুয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিপলু বড়ুয়া ও সংগীত শিল্পী রুবেল বড়ুয়া।

২৪ অক্টোবর বিকেল ৩টায় রাঙামাটির বেইন শিল্পীদের অংশগ্রহণে চীবর বুনন কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে দানোৎসবের শুভসূচনা হয়। পরবর্তীতে অনুষ্ঠিত হয় বিহার উন্নয়ন সংলাপ, কৃতি শিক্ষার্থী ও ভূমিদাতা সম্মাননা, শ্মশানবন্ধু সম্মাননা এবং বিশেষ সংবর্ধনা প্রদান।

বিশেষ সম্মাননা পেয়েছেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া, যিনি তেকোটা গ্রামের উন্নয়নে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. প্রীতি প্রসূন বড়ুয়া।

অন্যদের মধ্যে সম্মাননা পেয়েছেন এমবিবিএস ডাক্তার অরুণিমা বড়ুয়া, সাবরেজিস্টার পূর্বাশা বড়ুয়া ও বিমানবাহিনীর কর্মকর্তা পার্থিব বড়ুয়া। চীবর বুননে বিশেষ সহযোগিতার জন্য শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় গৌতম বড়ুয়া ও তার সহধর্মিণী ঝুমকি চৌধুরীকে (ফ্রান্স প্রবাসী)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জ্যোতি প্রকাশ চৌধুরী বলরাম, শিক্ষক দেশরক্ষিত বড়ুয়া, মৃণাল কান্তি বড়ুয়া ও সৌমিত্র প্রিয় চৌধুরী।
সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ত্রপা চৌধুরী ও মৃত্তিকা চৌধুরী মৈত্রী।

রাত গভীর পর্যন্ত চলে বুদ্ধ কীর্তন, যেখানে তেকোটা গ্রামের তরুণরা মনোজ্ঞ পরিবেশনা উপহার দেন।
আলো, ধর্ম ও মানবতার এই মহোৎসবে তেকোটা পরিণত হয় এক সত্যিকারের ‘দীপাঞ্চলে’। 🌼

Back to top button