ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে অনুপ্রেরণা — মো. নাইম হোসেন খানের উদ্যোগে নতুন সম্ভাবনার দিগন্ত
নিজস্ব প্রতিবেদক॥ কালের ধারা
বরিশাল জেলার গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী ও বানুয়াশরী এলাকায় গড়ে উঠেছে এক অনন্য উদ্যোগ। ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছেন মো. নাইম হোসেন খান। নিজের দুইটি কারখানার মাধ্যমে তিনি স্থানীয় তরুণদের কর্মসংস্থানের পথ খুলে দিচ্ছেন এবং তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে সহায়তা করছেন।
মো. নাইম হোসেন খান জানান, তার কারখানাগুলোতে কয়েল পাখি ও পোষা প্রাণীর জন্য প্রয়োজনীয় কাঁচামাল তৈরি করা হয়। পাশাপাশি, সখের কৃষি ও প্রাণীপ্রেমীদের জন্য তিনি লেয়ার মুরগির ডিম উৎপাদন খাঁচা স্বল্প মূল্যে সরবরাহ করছেন।
তিনি বলেন, “ছাত্র ও যুবকদের জন্য আমার এই উদ্যোগ অর্থনৈতিক কষ্ট লাঘবে সহায়ক হবে। তরুণরা চাইলে নিজেরাই ছোট পরিসরে ব্যবসা শুরু করতে পারে। এতে তারা যেমন স্বাবলম্বী হবে, তেমনি সমাজেও ইতিবাচক প্রভাব ফেলবে।”
মাদকবিরোধী সচেতনতার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এই উদ্যোগ বড় ভূমিকা রাখতে পারে। পশুপাখি পালন শুধু অর্থনৈতিক নয়, মানসিক প্রশান্তিও দেয়। এতে তরুণরা সময়ের সঠিক ব্যবহার করতে পারে।”
স্থানীয়রা জানান, মো. নাইম হোসেন খানের এই কার্যক্রম এলাকায় নতুন উদ্যম সৃষ্টি করেছে। অনেক তরুণ এখন তার পরামর্শে ছোট ছোট উদ্যোগ নিচ্ছে, যা ভবিষ্যতে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে।




