
ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর উদ্যোগে বরিশাল জোনের রাজনৈতিক কর্মশালা ও সাংগঠনিক সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। বরিশাল অঞ্চলে দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্য নিয়ে এই সভা আয়োজিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের ভিত্তি মজবুত করতে এবং লক্ষ্য অর্জনে তৃণমূল নেতাকর্মীদের একযোগে ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, তৃণমূলের সক্রিয়তা ছাড়া কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো মজবুত হতে পারে না।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম প্রধান সংগঠক আহছান উল্লাহ এবং তৌসিফ মাহমুদ সোহান। তাঁরা সংগঠনের আদর্শ প্রচার, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং গবেষণাভিত্তিক সাংগঠনিক কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল মহানগর শাখার আহবায়ক জাহিদ হাসান তন্ময়। আঞ্চলিক পর্যায়ের নেতাদের মধ্যে ঝালকাঠি জেলা আহবায়ক শাহাদাত হোসাইন, বরিশাল জেলা যুগ্ম আহবায়ক আহমাদুল্লাহ নবীন এবং পটুয়াখালী জেলা সদস্য সচিব আল ইমরান সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা সকলেই বরিশাল অঞ্চলে দলীয় কার্যক্রমের বিস্তার ঘটানো, তরুণ নেতৃত্ব গড়ে তোলা এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভাটি সার্বিকভাবে পরিচালনা করেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের বরিশাল মহানগর শাখার সদস্য সচিব এফ. এম. মুরশীদ আলম।




