রাজনীতি

আপ বাংলাদেশ এর প্রথম জাতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর প্রথম জাতীয় সমন্বয় সভা শুক্রবার রাজধানীর ফারইস্ট টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আহ্বায়ক আলী আহসান জুনায়েদের সভাপতিত্বে জেলা, থানা, মহানগর, ক্যাম্পাস চ্যাপ্টার ও নারী উইংসহ বিভিন্ন শাখা–বিভাগের আহ্বায়ক ও সদস্য সচিবদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কেন্দ্রীয় কমিটির সদস্যদের পাশাপাশি দেশের ৭০টির বেশি জেলা, উপজেলা, থানা, মহানগর, বিশ্ববিদ্যালয় ও যুব উইং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনের কার্যক্রম, সাংগঠনিক বিস্তার, চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা ও মতবিনিময় হয়।

বক্তব্যে আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, “ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে জুলাই বিপ্লবে আপনারা যে ভূমিকা রেখেছেন, নতুন বাংলাদেশ নির্মাণেও একইভাবে আপনাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।” তিনি আরও বলেন, “আপ বাংলাদেশ ক্ষমতার রাজনীতি নয়—গুণগত পরিবর্তন, কার্যকর সংস্কার ও জনগণের ক্ষমতায়নের রাজনীতি করতে চায়। তাই দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যেতে হবে।”

সভায় সদস্য সচিব আরেফিন মো. হিজবুল্লাহ গত আট মাসের সাংগঠনিক বিস্তার, কার্যক্রম ও সীমাবদ্ধতার প্রতিবেদন উপস্থাপন করেন। প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত নির্বাচনকেন্দ্রিক আপ বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। প্রধান সংগঠক নাঈম আহমাদ সাংগঠনিক শৃঙ্খলা, সদস্য বৃদ্ধি ও সংহতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া বিভিন্ন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবরা তাদের অভিজ্ঞতা, অর্জন, চ্যালেঞ্জ ও প্রস্তাব তুলে ধরেন। আলোচনায় নতুন রাজনৈতিক সংস্কৃতি গঠনে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্ব পায়।

সমন্বয় সভার শেষে জানানো হয়—নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা ও জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে আপ বাংলাদেশ অঙ্গীকারবদ্ধভাবে কাজ চালিয়ে যাবে।

মন্তব্য করুন

Back to top button