
অস্বাস্থ্যকর খাবার বিক্রির দায়ে ১৫ হাজার টাকা জরিমানা
এলাহী হাইওয়ে রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ পরিবেশন, বাসি খাবার বিক্রি পরিবেশন, ও খাবারে কৃত্রিম রং এবং ক্ষতিকারক টেস্টিং সল্ট (এমএসজি) অতিরিক্ত ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি। অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে রেস্টুরেন্টটির মালিক মো. রাশেদ আকন-কে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়।
ঘটনাটি বরিশাল ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় । আজ বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয় ।

অভিযান চলাকালে গৌরনদী মডেল থানার একটি বিশেষ টিম উপস্থিত থেকে সহযোগিতা প্রদান করে।
জনস্বার্থে পরিচালিত এ অভিযানের ফলে স্থানীয় সাধারণ মানুষ উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানায়। তারা মনে করছেন, এর ফলে এলাকার অন্যান্য খাবার ব্যবসায়ীরাও সতর্ক হবেন এবং ভোক্তারা নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার পেতে আরও আশ্বস্ত হবেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




