
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন শিক্ষক নেতা আব্দুর রাজ্জাক বাচ্চু
গত ১৮ সেপ্টেম্বর আজকের শিরোনাম নামের একটি অনলাইনে “বাবুগঞ্জে শিক্ষা কমিটির সদস্যের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাবুগঞ্জ উপজেলা শিক্ষা কমিটির সদস্য, প্রাথমিক শিক্ষক সমিতির নেতা ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বাচ্চু। প্রতিবাদলিপিতে তিনি বলেন, ‘প্রকাশিত উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও যড়যন্ত্রমূলক। একটি স্বার্থান্বেষী মহল আমার সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে উক্ত মিথ্যা সংবাদটি অনলাইন নিউজে প্রকাশ করিয়েছে। প্রকৃতপক্ষে সেখানে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি, যার প্রত্যক্ষদর্শী বহু সাক্ষী আছে।’
আব্দুর রাজ্জাক বাচ্চু আরো বলেন, ‘ঘটনার দিন ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরের খানপুরায় অবস্থিত সোনালী ব্যাংকের সম্মুখে আমার সাথে ধুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের দেখা হয়। এসময় তার সাথে আমার সামান্য ভুল বোঝাবুঝির এক পর্যায়ে একটু তর্ক-বিতর্কের ঘটনা ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শী প্রাথমিক শিক্ষক সমিতির নেতা ক্ষুদ্রকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ আহমেদ ও রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেনের হস্তক্ষেপে সেই ঘটনা তাৎক্ষণিকভাবে উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং সহকারী শিক্ষা কর্মকতাদের উপস্থিতিতে সমাধান হয়ে যায়। সেখানে আমাদের উভয়ের ভুল বোঝাবুঝির অবসান ঘটে এবং আমরা একে অপরকে আলিঙ্গন করে সবাই একত্রে মিষ্টিমুখ করি।
এদিকে আমাদের মধ্যে এই ছোট্ট ভুল বোঝাবুঝির সুযোগে একটি কুচক্রী সুযোগসন্ধানী মহল আমার বিগত দিনের সুনাম এবং শিক্ষক সমাজ ও শিক্ষা দপ্তরের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে একটি মানহানিকর মিথ্যা মনগড়া সংবাদ আজকের শিরোনাম নামক একটি ভুঁইফোঁড় অনলাইনে প্রকাশ করে, যা সম্পূর্ণ বেআইনি এবং সাইবার নিরাপত্তা আইন অনুযায়ী একটি গুরুতর অপরাধ। আমাকে সমাজে হেয়-প্রতিপন্ন করার জন্য ওই কথিত সংবাদে কিছু কুরুচিপূর্ণ শব্দের ব্যবহার করা হয়, যা অত্যন্ত নিন্দনীয় এবং গর্হিত অন্যায় বলে আমি মনে করি। এছাড়াও উক্ত সংবাদের একটি লাইনে উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অসত্য তথ্য দিয়ে মানহানি করা হয়, যা দন্ডবিধি আইনে একটি গুরুতর অপরাধ। এমতাবস্থায় আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আমার বিরুদ্ধে অপপ্রচারকারী এবং ষড়যন্ত্রকারীদের এসব অপকর্ম থেকে নিবৃত্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। অন্যথায় তাদের বিরুদ্ধে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।’
– প্রতিবাদকারী,
আব্দুর রাজ্জাক বাচ্চু
সদস্য, উপজেলা শিক্ষা কমিটি
ও
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
মধ্য বাহেরচর ক্ষুদ্রকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়,
বাবুগঞ্জ, বরিশাল।




