জাতীয়

অক্সফোর্ডে তারেক রহমানের রাজনৈতিক চিন্তা নিয়ে আলোচনা

লন্ডন প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও সংস্কারমূলক চিন্তাধারাকে কেন্দ্র করে যুক্তরাজ্যের বিশ্বখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটিতে এক বুদ্ধিবৃত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) অক্সফোর্ড ইউনিভার্সিটির এক্সিটার কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই সভার আয়োজন করে অক্সফোর্ড বাংলা সোসাইটি।

অনুষ্ঠানে মূল আলোচ্য ছিল সম্প্রতি প্রকাশিত বই ‘Tarique Rahman: Politics and Policies in Contemporary Bangladesh’, যেখানে তারেক রহমানের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, গণতন্ত্র প্রতিষ্ঠা, মানবাধিকার, সুশাসন ও অর্থনৈতিক সংস্কার বিষয়ে তাঁর নীতি ও কর্মপরিকল্পনা বিশদভাবে তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ব্রিটিশ কূটনীতিক স্যার পিটার হিপ, আন্তর্জাতিক মানবাধিকার ব্যক্তিত্ব ড. শহিদুল আলম, এবং সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিডলসেক্স ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক ড. মানজিদা আহমেদ।

বক্তারা বলেন, ফ্যাসিবাদমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় তারেক রহমানের ভিশনারি নেতৃত্বই পারে নতুন দিগন্ত উন্মোচন করতে। তাঁরা মনে করেন, তাঁর ৩১ দফা সংস্কার পরিকল্পনা বাংলাদেশের রাজনীতি, প্রশাসন ও অর্থনীতিতে এক যুগান্তকারী পরিবর্তন আনবে।

আলোচনায় ড. শহিদুল আলম বলেন, “তারেক রহমান জনগণের অংশগ্রহণ, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে যে পরিকল্পনা দিয়েছেন, তা ভবিষ্যৎ গণতন্ত্রের ভিত্তি হতে পারে।”

স্যার পিটার হিপ বলেন, “বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য এবং কূটনৈতিক দক্ষতা অপরিহার্য— যা তারেক রহমানের নীতি দর্শনে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।”

শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাবে জহির উদ্দিন স্বপন বলেন,
“তারেক রহমানের ৩১ দফা সংস্কার পরিকল্পনা বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোকে নতুন দিকনির্দেশনা দেবে। তাঁর নেতৃত্বে বাংলাদেশ পুনরায় গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের পথে ফিরে আসবে।”

মূল প্রবন্ধে ড. মানজিদা আহমেদ বলেন,
“নির্বাসিত অবস্থায় থেকেও তারেক রহমান তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। তিনি প্রতিহিংসামুক্ত রাজনীতি, ন্যায়বিচার ও অগ্রগতিনির্ভর একটি ‘রেইনবো ন্যাশন’ গড়তে চান। তাঁর ৩১ দফা সংস্কার পরিকল্পনা একটি নতুন, আধুনিক ও অংশগ্রহণমূলক বাংলাদেশের স্বপ্ন বহন করে।”

ব্রিটেনের ফিনান্সিয়াল টাইমস-এ প্রকাশিত এক সাক্ষাৎকারের উদ্ধৃতি টেনে ড. মানজিদা আরও বলেন,
“বাংলাদেশকে অ্যামাজন ও ইবে’র মতো বৈশ্বিক ই-কমার্স হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য তারেক রহমানের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ভিশনের অংশ।”

অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন অক্সফোর্ড বাংলা সোসাইটির সভাপতি আহমেদ মুহতাদি ও শিক্ষার্থী সাইমুর মুজিব রহমান। এতে অংশ নেন অক্সফোর্ড ছাড়াও ব্রিটেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা।

বক্তারা আশা প্রকাশ করেন, তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও সংস্কার পরিকল্পনা ভবিষ্যৎ বাংলাদেশে গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়ের নতুন অধ্যায় সূচনা করবে।

Back to top button