সারাদেশ

গৌরনদীতে চার ডাকাত সদস্য গ্রেপ্তার, আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ

গৌরনদী প্রতিনিধিঃ

ঢাকা–বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক চার ডাকাত সদস্যের বিরুদ্ধে শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মামলা দায়েরের পর তাদেরকে ওইদিন দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় একটার দিকে দেশীয় ধারালো অস্ত্র, ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি এবং বিভিন্ন সরঞ্জামসহ চারজনকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের খানাবাড়ি গ্রামের মালেক জমাদ্দারের ছেলে হৃদয় জমাদ্দার ও তার ভাই তারেক জমাদ্দার, পিরোজপুরের নেছারাবাদ এলাকার বাবুল শরীফের ছেলে তসলিম শরীফ এবং বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী এলাকার আনন্দ মণ্ডলের ছেলে অশোক মণ্ডল।

স্থানীয় বাসিন্দা খোকন ফকির জানান, রাত একটার দিকে সন্দেহজনকভাবে একটি সিএনজিতে থাকা চার যুবককে দেখে বাটাজোর বন্দরের পাহারাদারদের সন্দেহ হয়। তাদের গতিরোধের চেষ্টা করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়দের সহায়তায় ধাওা করে সিএনজি চালকসহ চারজনকে আটক করা হয় এবং গণপিটুনির পর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

গৌরনদী মডেল থানার এসআই সাইফুল ইসলাম জানান, ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়রা ওই চারজনকে আটক করেছে। তাদের কাছ থেকে চারটি দেশীয় ধারালো রামদা, একটি সিএনজি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আটক তারেক জমাদ্দারের বিরুদ্ধে পাঁচটি, তসলিম শরীফের বিরুদ্ধে দুটি এবং অশোক মণ্ডলের বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলেও তিনি জানান।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে তাদের উদ্ধার করে। পরে উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে থানায় আনা হয়।
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

Back to top button