অপরাধ ও দুর্ণীতিসারাদেশ

নদী ভাঙন রোধে সরকারের কোটি টাকা ব্যয়, অথচ পালরদী নদীর মাটি বিক্রি ৫০ টাকা ভ্যান প্রতি

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :
নদী ভাঙন রোধে সরকার যেখানে কোটি কোটি টাকা ব্যয় করছে, ঠিক তার উল্টো চিত্র দেখা যাচ্ছে বরিশালের গৌরনদী উপজেলায়। উপজেলার পালরদী নদী থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
অনুসন্ধানে জানা যায়, গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামের বাসিন্দা হাসান মীরা নিজেকে বিএনপির প্রভাবশালী পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে পালরদী নদী থেকে মাটি কেটে বিক্রি করে আসছেন। অভিযোগ রয়েছে, বরিশাল জেলা প্রশাসনের ডিসিআর (DCR) না কেটেই তিনি বেআইনিভাবে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
স্থানীয়রা জানান, নদীর ওই অংশটি লোকচক্ষুর আড়ালে হওয়ায় প্রশাসনের নজর এড়িয়ে নিয়মিত মাটি উত্তোলন ও বিক্রি করা হচ্ছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি ভাঙনের ঝুঁকি বাড়ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আশোকাঠি গ্রামের সেকেন্দার আলী নামের এক ব্যক্তি ভ্যান প্রতি মাত্র ৫০ টাকায় হাসান মীরার কাছ থেকে নিয়মিতভাবে নদীর মাটি কিনে নিচ্ছেন। এভাবে প্রতিদিন একাধিক ভ্যান মাটি বিক্রি হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে স্থানীয়দের দাবি, অবিলম্বে অবৈধ মাটি উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। না হলে ভবিষ্যতে পালরদী নদী এলাকায় ভয়াবহ ভাঙন ও পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।

মন্তব্য করুন

Back to top button